বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে জটিল অস্ত্রোপচারে সুস্থ তিন মাসের শিশু
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তিন মাসের এক শিশুর পায়ের বিকৃতি দূর করলেন চিকিৎসকরা। পুরুলিয়ার বাসিন্দা মহম্মদ নইম তাঁর সন্তানকে নিয়ে হাসপাতালের আউটডোরে এসেছিলেন। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, শিশুটির দুটি পা স্বাভাবিকের তুলনায় অত্যন্ত সরু ও দুর্বল। গর্ভাবস্থায় অ্যামনিওটিক ব্যান্ড পায়ে জড়িয়ে যাওয়ার ফলে রক্ত সঞ্চালন ও পুষ্টির অভাবে এই সমস্যা তৈরি হয়েছিল। সঠিক সময়ে চিকিৎসা না হলে শিশুটি ভবিষ্যতে হাঁটাচলার ক্ষমতা হারাতে পারত।
পরিস্থিতি বিবেচনা করে হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। গত ২৭ অক্টোবর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ৫ নভেম্বর চিকিৎসক অর্ণব মণ্ডলের নেতৃত্বে অস্ত্রোপচার সম্পন্ন হয়। দীর্ঘক্ষণ ধরে অজ্ঞান করে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই জটিল অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর শিশুটিকে দুই সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক পঞ্চানন কুণ্ডু জানান, সীমিত পরিকাঠামো ও চিকিৎসক নিয়েও এই সাফল্য সম্ভব হয়েছে। বিনামূল্যে সরকারি হাসপাতালে এমন জটিল অস্ত্রোপচারের সুযোগ পেয়ে খুশি শিশুর পরিবার। আর্থিক অনটনের কারণে বাইরে চিকিৎসা করানো সম্ভব ছিল না বলে জানিয়েছেন শিশুর বাবা। চিকিৎসকদের এই সাফল্যে খুশি হাসপাতালের কর্মী থেকে শুরু করে রোগীর পরিজনেরা।