আলমারির ভ্যাপসা গন্ধ দূর করে জামাকাপড় সতেজ রাখার সহজ উপায়
আলমারি খুললেই ভ্যাপসা গন্ধ বের হওয়া একটি সাধারণ সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত আলমারি পরিষ্কার রাখা এবং হাওয়া চলাচল নিশ্চিত করা জরুরি। ছুটির দিনে আলমারির সব কাপড় বের করে আলমারিটি খোলা রাখুন। সম্ভব হলে কাঠের আলমারি কিছুক্ষণ রোদে দিন, এতে আর্দ্রতা ও গুমোট ভাব দূর হয়। এছাড়া জল ও সাদা ভিনেগারের মিশ্রণ দিয়ে আলমারির তাকগুলো মুছে নিলে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া দূর হয়।
আলমারির দুর্গন্ধ দূর করতে কর্পূর বা লবঙ্গ ব্যবহার করা যেতে পারে। কর্পূর পোকা-মাকড় ও স্যাঁতসেঁতে ভাব দূর করতে সাহায্য করে। এছাড়া নতুন জুতো বা ব্যাগের সঙ্গে পাওয়া সিলিকা জেলের প্যাকেট ফেলে না দিয়ে আলমারির তাকে রেখে দিলে তা অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে নেয়। দুর্গন্ধ দূর করতে ব্যবহৃত টি-ব্যাগ শুকিয়ে বা কফি বিনের ছোট পাত্র আলমারির কোণে রেখে দিলেও ভালো ফল পাওয়া যায়।
পোশাকের সতেজতা বজায় রাখতে ল্যাভেন্ডার ফুল বা সুগন্ধী হার্বস ছোট কাপড়ের ব্যাগে ভরে আলমারিতে ঝুলিয়ে রাখতে পারেন। চারকোল বা কয়লার টুকরোও দুর্গন্ধ শোষণে অত্যন্ত কার্যকর। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, জামাকাপড় পুরোপুরি শুকিয়ে তবেই আলমারিতে তোলা। সামান্য ভিজে বা ঘাম বসা কাপড় আলমারিতে রাখলে পুরো আলমারিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে পারে। এই সহজ ঘরোয়া টিপসগুলো মেনে চললে আপনার আলমারি ও প্রিয় পোশাক সবসময় থাকবে সুরভিত ও সতেজ।