পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি সুজিত বসুকে জেরা সিবিআইয়ের
পুরসভায় চাকরি পাইয়ে দেওয়া এবং নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটানোর অভিযোগে এবার প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ধৃত নিতাই দত্ত, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় এবং অয়ন শীলের বয়ানে সুজিত বসুর নাম উঠে আসার পরই তদন্তকারীরা তাঁকে জেরা করার উদ্যোগ নেন। বর্তমানে তিনি অন্য একটি আর্থিক দুর্নীতির মামলায় জেলবন্দি রয়েছেন।
উল্লেখ্য, গত ১১ মে ইডি সুজিত বসুকে গ্রেফতার করে। তদন্ত চলাকালীন তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এমনকি তাঁর ছেলের রেস্তরাঁ সংক্রান্ত বেআইনি কর্মকাণ্ডের অভিযোগও তদন্তকারীদের নজরে রয়েছে। এই বিষয়ে বিভিন্ন স্থানে তল্লাশিও চালানো হয়েছে। জামিনের আবেদন জানালেও কলকাতা হাই কোর্ট তা খারিজ করে দেয়। ইডির আশঙ্কা, জামিন পেলে তিনি তথ্যপ্রমাণ লোপাট করতে পারেন। সুপ্রিম কোর্টেও তাঁর জামিনের আবেদন চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।
ইডির মামলায় জেলবন্দি থাকাকালীনই এবার পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই তাঁকে জেরা করল। নিয়োগ প্রক্রিয়ায় তাঁর ভূমিকা এবং আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে নতুন কোনো তথ্য উঠে আসে কি না, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।