সালানপুরে অশোক কুমার সিং খুনের ঘটনায় গ্রেফতার আরও এক, ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য

গত ২৯ অক্টোবর সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের সালানপুরের হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনি এলাকায় অশোক কুমার সিং ওরফে ভিকিকে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিবাদের সূত্রপাত এবং সেই আক্রোশ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। যে মহিলার সঙ্গে ভিকির সম্পর্ক ছিল বলে অভিযোগ, সেই মহিলার স্বামীই এই ঘটনার মূল অভিযুক্ত বলে মনে করছে পুলিশ।

তদন্তের সময় সোশ্যাল মিডিয়ায় পাঁচ সেকেন্ডের একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে দেখা যায়, মাটিতে পড়ে থাকা এক ব্যক্তিকে বাঁশের লাঠি দিয়ে এক যুবক পরপর আঘাত করছে। আক্রান্ত ব্যক্তি ভিকি বলেই শনাক্ত করা হয়েছে। এই ভিডিয়োর সূত্র ধরেই পুলিশ জোড়বাড়ি এলাকার বাসিন্দা সুরজ প্রসাদকে গ্রেফতার করেছে। এর আগে সুরেন্দ্র যাদব ও দীপক যাদব নামে আরও দুজনকে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল।

সালানপুর থানার পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিয়োতে থাকা যুবকই সুরজ কি না, তা ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করা হবে। সেই রিপোর্ট আদালতে প্রমাণ হিসেবে পেশ করা হবে। ভিকি আগে রূপনারায়ণপুরে থাকলেও সপরিবারে বাইরে থাকতেন। তবে বিবাহবহির্ভূত সম্পর্কের টানেই তিনি বারবার ওই এলাকায় আসতেন। ভিকির পিসি থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন এবং মৃত্যুর আগে ভিকি নিজেও পুলিশকে ঘটনার কথা জানিয়ে গিয়েছিলেন বলে জানা গেছে। পুলিশ এখন সুরজের ভূমিকা ও এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *