মা ক্যান্টিনের মেনুতে এবার মাছের স্বাদ, নতুন সিদ্ধান্তের অপেক্ষায় পশ্চিমবঙ্গ!
পশ্চিমবঙ্গে সরকার বদলালেও গরিব ও দুস্থ মানুষের সহায়তায় চালু থাকা জনপ্রিয় ‘মা ক্যান্টিন’ বন্ধ হচ্ছে না। বরং নতুন বিজেপি সরকারের আমলে এই ক্যান্টিনের মেনুতে আসতে চলেছে বড়সড় চমক। এতদিন মাত্র পাঁচ টাকায় ডিম-ভাত মিললেও, এবার সাধারণ মানুষের পাতে পড়তে পারে রুই-কাতলার মতো চেনা মাছ। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি রাজ্য সরকার।
জনসেবামূলক প্রকল্প চালু রাখার বার্তা
করোনা মহামারীর সময়ে সাধারণ মানুষের মুখে সস্তায় পুষ্টিকর খাবার তুলে দিতে তৃণমূল সরকারের আমলে শুরু হয়েছিল ‘মা ক্যান্টিন’। গত ৯ মে রাজ্যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব নিয়েই তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগের সরকারের চালু করা জনসেবামূলক প্রকল্পগুলি বন্ধ করা হবে না। এই ঘোষণার পরই মা ক্যান্টিন নিয়ে প্রশাসনিক স্তরে নতুন তৎপরতা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, প্রকল্পের নাম পরিবর্তনের পাশাপাশি খাবারের গুণগত মান ও বৈচিত্র্য বাড়াতে চাইছে নতুন প্রশাসন।
দাম বাড়লেও আপত্তি নেই ‘মাছে-ভাতে বাঙালি’র
ভোটের আবহে বিরোধীদের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল যে, বিজেপি ক্ষমতায় এলে মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা হতে পারে এবং আমিষ খাওয়া বন্ধ হতে পারে। তবে নতুন সরকার সেই দাবিকে সম্পূর্ণ খণ্ডন করেছে। এমনকি নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানেও এলাহি মাছ-ভাতের আয়োজন করা হয়েছিল। এবার সেই একই ধারা বজায় রেখে মা ক্যান্টিনেও মাছ যুক্ত করার পরিকল্পনা চলছে।
মেনুতে মাছ যুক্ত হলে বর্তমানের পাঁচ টাকা মূল্য কিছুটা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এই সম্ভাব্য মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনও ক্ষোভ নেই। উপভোক্তাদের মতে, বর্তমান বাজারে যে কোনও হোটেলে মাছ-ভাত খেতে গেলে মোটা টাকা খরচ হয়। সেই তুলনায় মা ক্যান্টিনে সামান্য দাম বাড়লেও যদি মাছ-ভাত পাওয়া যায়, তবে তা অত্যন্ত সাশ্রয়ী এবং লাভজনক হবে। ফলে নতুন সরকারের এই সম্ভাব্য পদক্ষেপকে সাধুবাদ জানাতে প্রস্তুত রাজ্যের সাধারণ মানুষ।