যুবসাথীর টাকা নিয়ে চিন্তা? পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং থাকলে এখনই করুন এই ৩টি কাজ!
আধার ও ব্যাঙ্ক তথ্যের অসংগতিতে আটকে ‘যুবসাথী’ প্রকল্পের ভাতা, বিপাকে লক্ষ লক্ষ উপভোক্তা
পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের অধীনে থাকা লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী গত মার্চ ও এপ্রিল মাসের ভাতা পাননি বলে অভিযোগ উঠেছে। রাজ্যের প্রায় ১ কোটি উপভোক্তার মধ্যে বহু আবেদনকারীর পেমেন্ট মূলত আধার কার্ড ও ব্যাঙ্ক তথ্যের অসংগতির কারণে আটকে রয়েছে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) প্রক্রিয়া চালু হওয়ার ফলেই এই প্রযুক্তিগত জটিলতার সৃষ্টি হয়েছে। যারা সরকারি পোর্টালে স্ট্যাটাস ‘পেন্ডিং’ দেখছেন, তাদের তথ্যসংক্রান্ত এই ত্রুটির কারণেই টাকা জমা পড়েনি।
টাকা আটকে যাওয়ার মূল কারণগুলোর মধ্যে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি অপশন সক্রিয় না থাকা, এনপিসিআই (NPCI) ম্যাপিংয়ে সমস্যা এবং পোর্টালের তথ্যের সঙ্গে আধার কার্ডের তথ্যের অমিল। এছাড়া ডেটা এন্ট্রির সময়ও অনেক ক্ষেত্রে ভুল তথ্য নথিভুক্ত হয়েছে। এই সমস্যা সমাধানে সংশ্নিষ্ট ব্যাঙ্ক শাখায় গিয়ে দ্রুত ‘আধার সিডিং’ ও ‘ডিবিটি’ সক্রিয় আছে কি না তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া তথ্যে বড় কোনো ভুল থাকলে উপভোক্তাদের স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে সংশোধনের আবেদন করতে হবে। প্রশাসন জানিয়েছে, ভুল তথ্যের কারণে বাতিল হওয়া ফর্মগুলোর তালিকা সংশ্লিষ্ট বিডিও অফিসে পাঠানো হয়েছে এবং নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকলেও কারিগরি ত্রুটি সংশোধনের কাজ অব্যাহত রয়েছে। উপভোক্তারা নিয়মিত অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের স্ট্যাটাস যাচাই করতে পারবেন।