সামান্য ধাক্কায় শিশুকে উল্টো ঝুলিয়ে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল!
জয়নগরে খেলার মাঠে সামান্য ধাক্কা লাগার জেরে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে নগ্ন করে উল্টো ঝুলিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, এলাকার বাসিন্দা তপন হালদার নামের এক ব্যক্তির গায়ে খেলার সময় শিশুটির লাঠির দুর্ঘটনাবশত ধাক্কা লাগলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর প্রকাশ্য রাস্তায় শিশুটিকে কান ধরে ওঠবস করানোর পাশাপাশি তাকে বাড়িতে তুলে নিয়ে গিয়ে পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করা হয়। অভিযুক্তের পরিবারের সদস্যরা এ সময় নির্যাতনের ভিডিও রেকর্ড করে এবং ঘটনাটি গোপন রাখার জন্য শিশুটিকে হুমকি দেয়।
আহত ওই শিশুর শরীরে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সন্দেহ হলে পরবর্তীতে নির্যাতনের ভিডিওটি প্রকাশ্যে আসে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকেই অভিযুক্ত তপন হালদার ও তার পরিবার পলাতক রয়েছে এবং তাদের বাড়িতে তালা ঝুলছে।