বিশ্বমঞ্চে বাজিমাত! এআই প্রযুক্তিতে আমেরিকাকেও টেক্কা দিচ্ছে ভারত?
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ‘এআই ইনডেক্স ২০২৬’ রিপোর্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণার বৈশ্বিক মঞ্চে ভারত দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। এআই মডেল প্রস্তুতকারক ও বিনিয়োগকারীর সংখ্যার বিচারে তালিকার শীর্ষে থাকা আমেরিকার পরেই এখন দেশটির অবস্থান। বর্তমানে ভারতে ৫১ হাজারের কাছাকাছি এআই বিশেষজ্ঞ ও লেখক রয়েছেন, যা জার্মানি ও অন্যান্য উন্নত দেশগুলোকে পেছনে ফেলে ভারতের ক্রমবর্ধমান প্রযুক্তিগত সক্ষমতাকে তুলে ধরেছে।
সাফল্যের পাশাপাশি এই প্রতিবেদনে মেধা পাচার বা ‘ব্রেন ড্রেন’-এর উদ্বেগের বিষয়টিও উঠে এসেছে। ভারতের অনেক মেধাবী এআই বিশেষজ্ঞ উন্নত সুযোগ-সুবিধার সন্ধানে নিয়মিত বিদেশে পাড়ি জমাচ্ছেন, যাদের প্রধান গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। তবে গুগল সিইও সুন্দর পিছাইসহ প্রযুক্তিবিদদের মতে, ভারত বর্তমানে কেবল প্রযুক্তি ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং একটি এআই অবকাঠামো তৈরির হাবে পরিণত হচ্ছে। কৃষি থেকে স্বাস্থ্যখাতসহ বিভিন্ন স্তরে এআই-এর ক্রমবর্ধমান প্রয়োগ দেশের অভ্যন্তরেই গবেষণার নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে।