অন্নপূর্ণা যোজনার ১১ পাতার ফর্ম নিয়ে বিস্ফোরক শুভেন্দু!
রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। এতদিন পর্যন্ত এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুধুমাত্র অফলাইনে সীমাবদ্ধ ছিল। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার পূর্ণাঙ্গ রূপ পাওয়ার পরই এই বড় পদক্ষেপ নেওয়া হলো।
প্রকল্পের ফর্ম ১১ পাতার দীর্ঘ হওয়ার কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনায় প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতেই এই বিস্তারিত তথ্যের প্রয়োজন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, অন্নপূর্ণা যোজনায় যাতে কোনো দুর্নীতি না হয়, সেজন্য কঠোর নজরদারি ও তথ্য যাচাই করা হচ্ছে। এ কাজে ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জেলাভিত্তিক মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২২টি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ৩০ লক্ষ সরকারি টাকা আত্মসাতের অভিযোগে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী বুধবার থেকে বড় আকারে টাকা ট্রান্সফারের প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।