২০ টাকার ঢেঁড়স কিনতে গিয়েও তো টিপে দেখেন! অন্নপূর্ণার বিশাল ফর্ম নিয়ে শুভেন্দুর মোক্ষম জবাব!
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্রের বিশাল আকার ও অতিরিক্ত তথ্য চাওয়ার বিষয়টি নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষ যেমন ২০ টাকার সবজি কেনার আগেও তা যাচাই করে দেখেন, তেমনি বছরে ৩৬ হাজার টাকা প্রদানের মতো বড় সরকারি প্রকল্পের ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রাখা ও যাচাই-বাছাই করা সরকারের দায়িত্বশীল পদক্ষেপ। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতেই এই বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
প্রকৃত প্রাপকদের সুবিধা নিশ্চিত করতে বর্তমানে প্রতিদিন প্রায় ২ লক্ষ আবেদনপত্র যাচাই করা হচ্ছে। ইমাম ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবশ্রীর মতো পূর্ববর্তী প্রকল্পগুলোতে যথাযথ যাচাইয়ের অভাবেই অনিয়ম ও ভুয়ো উপভোক্তার সমস্যা তৈরি হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। সরকারের লক্ষ্য হলো অযোগ্য ব্যক্তিরা যেন সরকারি সুবিধা না পান। প্রকল্পটির স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি আবেদন ধাপে ধাপে পরীক্ষা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা প্রতি সপ্তাহে এই কাজের অগ্রগতি সম্পর্কে আপডেট দেবেন বলে আশ্বস্ত করা হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সকল যোগ্য আবেদনকারীর কাছে সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার।