মালদায় মদের ঠেকে মায়েদের সার্জিক্যাল স্ট্রাইক, পুলিশ ছাড়াই গুঁড়িয়ে দিলেন বেআইনি কারবার!

মালদার ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নুনবহি এলাকায় বেআইনি মদের আসর ও গাঁজার কারবারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন স্থানীয় মহিলারা। অভিযোগ, দীর্ঘ দিন ধরে চলা এই অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করতে পুলিশ-প্রশাসনে বারবার জানিয়েও কোনো স্থায়ী সুরাহা মেলেনি। পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় মঙ্গলবার একদল ক্ষিপ্ত মহিলা লাঠি হাতে এলাকায় বেআইনি মদের ঠেকে অতর্কিত অভিযান চালান। এ সময় মদের বোতল ও গ্লাস ভাঙচুর করার পাশাপাশি তুমুল বিক্ষোভ দেখানো হয়। এই রণংদেহী মূর্তি দেখে তিন মূল কারবারি ও মদ্যপেরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, পুলিশ মাঝেমধ্যে লোকদেখানো টহল দিলেও মদের কারবারিদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয়নি, যার ফলে এলাকায় অসামাজিক কার্যকলাপ ও মাদকাসক্তি প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে স্কুলছুট কিশোর ও যুবকদের নেশায় জড়িয়ে পড়া এবং দিনমজুর পরিবারগুলোর আর্থিক বিপর্যয় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল। ঘটনার পর ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকা থেকে বেআইনি মদের কারবার সম্পূর্ণ নির্মূল ও অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *