রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, বেতন ও ডিএ বাড়ল বড় আকারে!
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন আনুষ্ঠানিকভাবে গঠন করেছে রাজ্য সরকার। এই বিষয়ে অর্থ দফতর ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে। চার সদস্যের এই উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তী। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন ডক্টর পার্থ মুখোপাধ্যায়, ডক্টর পার্থ প্রতিম পাল এবং সদস্য-সচিব হিসেবে থাকছেন রাজ্যের অর্থ সচিব দেবী প্রসাদ করণম। রাজ্যপাল আর এন রবির অনুমোদনের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি অর্থবর্ষেই এই কমিশন চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে এবং আগামী জানুয়ারি মাস থেকে তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
কমিশন মূলত রাজ্য সরকারি কর্মচারী, বোর্ড ও কর্পোরেশনের কর্মীদের বেতন, ভাতা ও ডিএ কাঠামো পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করবে। কাজের সঙ্গে জীবনের ভারসাম্য বজায় রাখার সুপারিশের পাশাপাশি কেন্দ্রীয় সরকার, অন্যান্য রাজ্যের কাঠামো, রাজ্যের আর্থিক সামর্থ্য এবং অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলিকেও বিবেচনায় নেওয়া হবে। কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এদিকে, পুজো উপলক্ষে অক্টোবরেই রাজ্য সরকারি কর্মীরা বাজেটে ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ ভাতা (DA) যুক্ত অগ্রিম বেতন পাবেন বলে জানানো হয়েছে।