দিল্লিতে পড়ুয়াদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ, সুপ্রিম কোর্ট চত্বরে সংবিধান পাঠ আইনজীবীদের!
নিট কেলেঙ্কারির প্রতিবাদে ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের ‘সংসদ চলো’ অভিযানে দিল্লি পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সরব হলেন আইনজীবীদের একাংশ। প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং-সহ বেশ কয়েকজন আইনজীবী এই কর্মসূচিতে অংশ নিয়ে সম্মিলিতভাবে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন এবং জাতীয় সংগীত পরিবেশন করেন।
এর আগে ছাত্রছাত্রীদের ওপর হওয়া এই কথিত পুলিশি হামলার ঘটনায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে একটি জরুরি শুনানির আর্জি জানানো হয়েছিল। তবে বুধবার বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ সেই আর্জি গ্রহণ করতে অস্বীকার করে। শুনানির সময় আইনজীবীরা ঘটনার ভিডিও প্রদর্শন করতে চাইলে বিচারপতি তাতে অনীহা প্রকাশ করেন এবং এই বিষয়ে সময় নষ্ট না করার নির্দেশ দেন। প্রধান বিচারপতির এই মনোভাব এবং অতীতে তাঁর করা একটি মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক এই পরিস্থিতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।