টিআরপির লড়াইয়ে বড় চমক, নতুন নায়িকাকে সঙ্গে নিয়ে ছোট পর্দায় ফিরছেন আদৃত!
দীর্ঘ বিরতির পর স্টার জলসার নতুন ধারাবাহিক ‘কুমকুম’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা আদৃত রায়। এই নতুন মেগা সিরিয়ালে আদৃতের বিপরীতে নাম ভূমিকায় দেখা যাবে নবাগত অভিনেত্রী অনুষ্কাকে। ধারাবাহিকে আদৃতকে ‘ঈশান’ চরিত্রে এবং তাঁর মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকায় অরিজিতা মুখোপাধ্যায়কে অভিনয় করতে দেখা যাবে। ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।
গল্পের প্রেক্ষাপট গড়ে উঠেছে এক লড়াকু যুবতী কুমকুমকে কেন্দ্র করে, যে পেশায় একজন জুতোর কারিগর। নিজের পারিবারিক জুতোর ব্যবসা বাঁচাতে গিয়ে ঈশানের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং কুমকুমের আত্মসম্মানবোধ ও মানসিক জোর ঈশানকে মুগ্ধ করে। চর্মশিল্পের পটভূমিতে তৈরি এই ভিন্নধর্মী কাহিনীতে দুই কেন্দ্রীয় চরিত্রের রসায়ন দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শক। টিআরপি তালিকার হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই জনপ্রিয় অভিনেতার প্রত্যাবর্তনকে চ্যানেল কর্তৃপক্ষের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখছেন টেলিভিশন সংশ্লিষ্টরা।