গর্ভ ভাড়া দিয়ে ৬ লক্ষ টাকা আয়, সক্রিয় অবৈধ সারোগেসি মাফিয়া!
কেরালাজুড়ে সক্রিয় হয়ে উঠেছে বেআইনি সারোগেসি এবং অঙ্গ পাচারকারী এক শক্তিশালী চক্র। সম্প্রতি এরনাকুলামের একটি হোস্টেলে ছয়জন গর্ভবতী নারীকে বন্দি অবস্থায় পাওয়ার মধ্য দিয়ে এই চক্রের ভয়াবহতা সামনে এসেছে। আর্থিকভাবে অসচ্ছল নারীদের লক্ষ্য করে পরিচালিত এই চক্রটি সন্তান ধারণের বিনিময়ে ৬ লক্ষ টাকা প্রদানের প্রলোভন দেখিয়ে তাদের শোষণের ফাঁদে ফেলছে। এছাড়া, সন্তান প্রত্যাশীদের কাছ থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া এই এজেন্সিগুলো প্রসব পরবর্তী চিকিৎসার দায়িত্বও এড়িয়ে যাচ্ছে।
সারোগেসির পাশাপাশি ত্রিশূর কেন্দ্রিক এক অঙ্গ পাচারকারী চক্রও অত্যন্ত সক্রিয়। চক্রটি লিভার বা যকৃৎ দানের বিনিময়ে ১০ লক্ষ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুণীদের প্রলুব্ধ করছে। কোডাঙ্গাল্লুরের এক এজেন্টের ফাঁস হওয়া অডিও টেপে অস্ত্রোপচারের ঝুঁকি কম ও দ্রুত সুস্থতার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই পাচার বাণিজ্য চালানো হচ্ছে। দারিদ্র্য ও নজরদারির অভাবকে পুঁজি করে গড়ে ওঠা এই অসাধু চক্র মানব পাচারের মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করেছে।