উৎসবে মর্মান্তিক পরিণতি! ভাইয়ের গুলিতে মৃত বৌদি, দেহ লুকোতে ডিপ ফ্রিজারের আশ্রয়!
মধ্যপ্রদেশের গোয়ালিয়রের থাটিপুর থানা এলাকার তৃপ্তি নগরে একটি পারিবারিক অনুষ্ঠানে ‘হর্ষ ফায়ারিং’-এর জেরে জ্যোতি কুশওয়াহ নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আনন্দ প্রকাশের উদ্দেশ্যে দেবর যোগেশ কুশওয়াহ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালালে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে জ্যোতির শরীরে বিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। অভিযুক্তের দাবি, বন্দুকটি লোড করা ছিল তা তিনি জানতেন না এবং খেলার ছলেই ঘটনাটি ঘটেছে।
ঘটনার পর অপরাধ আড়াল করতে স্বামী মনোজ কুশওয়াহসহ পরিবারের সদস্যরা জ্যোতির বাপের বাড়ির লোকজনকে জানায় যে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তারা মৃতদেহটি একটি ডিপ ফ্রিজারে লুকিয়ে রাখে, যাতে দ্রুত দেহটির পচন না ধরে এবং গোপনে শেষকৃত্য সম্পন্ন করা যায়। গভীর রাতে বাড়িতে ফ্রিজার আনা দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এবং অভিযুক্ত দেবর যোগেশকে গ্রেপ্তার করে। জ্যোতির পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামীসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য দেহটি মর্গে পাঠানো হয়েছে।