মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, মার্কিন ঘাঁটিতে হামলার সত্যতা কতটুকু?
মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরান দাবি করেছে যে, তারা কুয়েত ও বাহরিনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সেন্টকমের ভাষ্যমতে, ইরান বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছুড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে অথবা আকাশেই ধ্বংস করা হয়েছে।
ইরানের এই দাবির পরপরই মার্কিন বাহিনী পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের কেশম দ্বীপে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। মার্কিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কুয়েতের দিকে ধেয়ে আসা দুটি ও বাহরিনের দিকে ছোড়া তিনটি মিসাইল যৌথ এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ধ্বংস করা হয়েছে এবং আন্তর্জাতিক জলসীমায় ইরানের তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে ইরানের রেভোলিউশনারি গার্ড (আইআরজিসি) এক বার্তায় এই হামলার দায় স্বীকার করে মার্কিন আগ্রাসনের সমুচিত জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।