সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ সাশ্রয় করুন, সঙ্গে মিলবে বাম্পার ভর্তুকি!
পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ প্রকল্প। মঙ্গলবার এই প্রকল্পের সূচনা করে রাজ্য সরকার ঘোষণা করেছে যে, কেন্দ্রের নির্ধারিত ভর্তুকির বাইরেও রাজ্য সরকার সাধারণ মানুষকে অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করবে। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে রাজ্য সরকার ৫ লক্ষ পরিবারে সৌরবিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা কেন্দ্রের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। এছাড়া, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাজ্যের সমস্ত সরকারি অফিসকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রকল্পের সুবিধা অনুযায়ী, ১০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রের ৩০,০০০ টাকার সঙ্গে রাজ্য সরকার ৫,০০০ টাকা, ২০০ ইউনিটের ক্ষেত্রে কেন্দ্রের ৬০,০০০ টাকার সঙ্গে অতিরিক্ত ১০,০০০ টাকা এবং ৩০০ ইউনিটের ক্ষেত্রে কেন্দ্রের ৭৮,০০০ টাকার সঙ্গে ১৫,০০০ টাকা সহায়তা দেবে। এছাড়াও তফসিলি জাতি ও উপজাতিভুক্ত পরিবারের জন্য রাজ্যের পক্ষ থেকে আরও ১৫ হাজার টাকা অতিরিক্ত অনুদান দেওয়া হবে। বর্তমানে রাজ্যের ১,৮১০টি পরিবারে এই পরিষেবা চালু হয়েছে, যার মধ্যে উত্তর ২৪ পরগনায় ২৩৮টি এবং হুগলিতে ২৩২টি পরিবার রয়েছে।