সিআইডি নোটিস খারিজের দাবিতে সরাসরি হাইকোর্টে অভিষেক!

বিধায়কদের সই জালিয়াতির অভিযোগে সিআইডি-র পাঠানো নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিচারপতি অপূর্ব সিনহা রায়ের এজলাসে মামলাটি দায়ের করার অনুমতি মিলেছে। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

বিধানসভায় জমা পড়া একটি চিঠিতে কয়েকজন বিধায়কের স্বাক্ষরের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠায় হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়, যার তদন্তভার পরবর্তীতে সিআইডি গ্রহণ করে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করেছিল। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে ১৫ দিনের সময় চেয়েছিলেন। সিআইডি-র তলব প্রক্রিয়ার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে এবং নোটিসটি খারিজের আবেদন নিয়েই এখন আইনি পথে হাঁটলেন অভিষেক। এর আগে সিআইডি এই মামলায় নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ ও বাহারুল ইসলামের মতো নেতাদের বক্তব্য নথিবদ্ধ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *