১৬০ কোটির তহবিল তছরুপ! ইডির নজরে তৃণমূলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী
তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলায় তলব করা হলো দলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। দলের তহবিল সংক্রান্ত বড়সড় আর্থিক তছরুপের অভিযোগের তদন্তে তাঁকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি।
কেন্দ্রীয় সংস্থার দাবি, তৃণমূলের তহবিল থেকে প্রায় ১৬০ কোটি টাকা একটি এভিয়েশন কোম্পানি ও তার সহযোগী সংস্থায় পাচার করা হয়েছিল। অভিযোগ, সেই অর্থ ব্যবহার করেই ব্যক্তিগত বিমান ও হেলিকপ্টার কেনা হয়েছে। এদিকে, ইডির ফ্রিজ করা অ্যাকাউন্টগুলোর বিষয়ে অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশ দিতে সম্প্রতি অস্বীকার করেছে কলকাতা হাইকোর্ট। এই বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের উৎস ও সত্যতা যাচাইয়ের লক্ষ্যেই শুভাশিস চক্রবর্তীকে তলব করা হয়েছে। তবে এই সমন নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।