হাজার কোটি টাকার সুদ কার পকেটে? অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে বিস্ফোরক ঋতব্রত!
তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া এবং দলের তহবিল নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় গত এক বছরে যে হাজার কোটি টাকার বেশি সুদ জমা হয়েছে, তা কাদের পকেটে যাচ্ছে তা নিয়ে স্বচ্ছতা প্রয়োজন। দলীয় নেতৃত্বের প্রতি তোপ দেগে তিনি প্রশ্ন তুলেছেন, এই বিপুল পরিমাণ অর্থ কি দলের নিচুতলার কর্মীদের কাছে পৌঁছানোর কথা ছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। এছাড়া, দল পরিচালনার দায়িত্ব পেলে প্রতি তিন মাস অন্তর খরচের হিসাব জনসমক্ষে আনার এবং একুশে জুলাইয়ের শহিদ পরিবারগুলোকে মাসিক ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এই বিদ্রোহের রেশ রাজ্য ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা তৃণমূল থেকে বেরিয়ে আসা ২০ জন বিদ্রোহী সাংসদের জন্য সংসদে আলাদা বসার ব্যবস্থা করার অনুমোদন দিয়েছেন। এই পরিস্থিতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলের অভ্যন্তরীণ স্বচ্ছতা রক্ষার বিষয়টি নিশ্চিত করতে তিনি নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় যাবতীয় নথি জমা দেবেন।