‘ডাকারও লোক নেই!’, যন্তর মন্তরে মমতা যাওয়া নিয়ে দিলীপের কড়া আক্রমণ
দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার সকালে এক সাক্ষাৎকারে তিনি মমতাকে নিশানা করে বলেন, “ওনাকে কে ডেকেছে যন্তর মন্তরে? ওনাকে ডাকারও তো লোক নেই।” এ সময় তিনি আরও দাবি করেন, যারা বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার মতো বিশৃঙ্খলা সৃষ্টির স্বপ্ন দেখছেন, ভারত যে তেমন দেশ নয়, তা তাদের মনে রাখা উচিত। তার অভিযোগ, কিছু নেতা বিদেশি টাকায় দেশবিরোধী চক্রান্ত করছেন।
তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবস ও সভা পণ্ড করার অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, লোক না হলে তার দায় বিজেপির নয়, এতদিন প্রশাসনিক ক্ষমতা ও প্রলোভন দেখিয়ে তৃণমূল লোক টানত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘দিন পাল্টানোর’ চ্যালেঞ্জের জবাবে তিনি জানান, রাজ্যের মানুষ পরিবর্তন এনেছেন বলেই আজ তৃণমূলকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া, মদন মিত্র ও তাঁর পরিবারকে ইডি তলব প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বেআইনি কাজ করলে আইনের মুখোমুখি হতেই হবে। ৬০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি আরও বলেন, এটি মাত্র শুরু, সামনে আরও অনেক কিছু দেখা বাকি রয়েছে।