১৪ বছর পর বিধানসভায় অভাবনীয় ঘোষণা, পুলিশে বড় নিয়োগের পথে রাজ্য!
দীর্ঘ ১৪ বছর পর রাজ্য বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০১২ সালের পর এই প্রথম বিধানসভায় স্বরাষ্ট্র সংক্রান্ত বাজেট আলোচনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। বাজেটে পুলিশ বিভাগে দীর্ঘদিনের স্থগিত থাকা নিয়োগ প্রক্রিয়া শুরু করা এবং ফরেনসিক পরিকাঠামোর আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টে ঝুলে থাকা আইনি জট কাটিয়ে পুলিশ বিভাগে ১৭১৪৩টি শূন্যপদে শীঘ্রই চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে, যা কলকাতা ও রাজ্য পুলিশের কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের পথ প্রশস্ত করবে। এছাড়াও অপরাধ তদন্তের মানোন্নয়নে খড়্গপুর, ব্যারাকপুর, কল্যাণী, মুর্শিদাবাদ, সিঙ্গুর ও মালদায় ছয়টি নতুন আঞ্চলিক ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন এবং প্রতিটি পুলিশ কমিশনারেটে ভ্রাম্যমাণ ফরেনসিক ভ্যান চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলায় ‘ন্যাটগ্রিড’ ব্যবস্থা, মাদক কারবার রুখতে ‘মাদক বিরোধী টাস্ক ফোর্স সেল’ গঠন এবং সীমান্ত সুরক্ষায় ‘ভাইব্রান্ট ভিলেজেস প্রোগ্রাম’ রূপায়ণের ঘোষণা দেওয়া হয়েছে।