গোটা দল ঢেলে সাজাতে মরিয়া মমতা, তৃণমূলের অন্দরে বড় রদবদল!
নির্বাচনে পরাজয় এবং বিধানসভায় পরিষদীয় দল ভাঙার রেশ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তাদের রাজ্য স্তরের সমস্ত কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার দুপুরে দলের পক্ষ থেকে সমাজমাধ্যমে এই ঘোষণা করা হয়। রাজনৈতিক মহলের মতে, দলের অন্দরে সম্ভাব্য ভাঙন রোধ এবং ক্ষোভ প্রশমনের লক্ষ্যেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৌশলগত ও চরম পদক্ষেপ গ্রহণ করেছেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতির বিচার-বিবেচনা করেই সংগঠনকে ঢেলে সাজাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের প্রতিটি স্তরে নিবিড় পর্যালোচনার মাধ্যমে সাংগঠনিক মূল্যায়ন করে নতুনভাবে কাঠামো তৈরি করা হবে। এই সিদ্ধান্তের ফলে পুরনো ও নিষ্ক্রিয় নেতাদের সরিয়ে নতুন মুখদের সামনে আনার সম্ভাবনা তৈরি হয়েছে এবং দলের রাশ পুরোপুরি শীর্ষ নেতৃত্বের হাতে নিয়ে বিদ্রোহ দমনের চেষ্টা করা হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।