ফিরহাদ জমানার অবসান, তারকেশ্বরে বড় চমক শুভেন্দুর!
তারকেশ্বর উন্নয়ন পরিষদ ভেঙে সেখানে নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারকেশ্বর সফরে গিয়ে প্রশাসনিক বৈঠকের পর এই ঘোষণা করেন। পরিষদ ভেঙে এডিএম জেলা পরিষদ অনুজ প্রতাপ সিংকে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া তারকেশ্বর ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা বন্ধ তথা এটিকে ‘ডিফান্ড’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের জন্য বিশেষ পরিকাঠামোগত ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক রদবদলের পাশাপাশি তারকেশ্বর মন্দির চত্বরের দৃশ্যমান রূপ পরিবর্তনেরও নির্দেশ দেওয়া হয়েছে। মন্দির চত্বর থেকে পূর্বতন সরকারের প্রবর্তিত নীল-সাদা রং সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এই রং স্থানীয় আধ্যাত্মিকতা বা সনাতন সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। বিষয়টি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রী অগ্নিমিত্রা পল ও প্রধান সচিবকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ১৯৪৭ সালের ২০ জুন তারকেশ্বরে বাংলার ভারতভুক্তির রেজুলিউশন হওয়ার ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে।