সরকারি খাতায় মৃত ব্যক্তি, লড়াই করছেন নিজের অস্তিত্ব প্রমাণের!
মধ্যপ্রদেশের হারদা জেলায় সরকারি নথির মারাত্মক ভুলে আমলাতান্ত্রিক জটিলতার শিকার ৫৮ বছর বয়সী এক প্রতিবন্ধী প্রৌঢ়। কর্ণ সিং সাওয়ান নামে এই ব্যক্তি শারীরিক প্রতিবন্ধকতার কারণে সরকারি সুবিধার জন্য আবেদন করতে গিয়ে জানতে পারেন, সরকারি পোর্টালে তাঁকে ‘মৃত’ হিসেবে দেখানো হচ্ছে। গত ছয় মাস ধরে নিজেকে জীবিত প্রমাণ করতে বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা না মেলায় শেষ পর্যন্ত তিনি জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন এবং আকুতি জানিয়েছেন, “স্যর আমি বেঁচে আছি।”
ডায়াবেটিসের কারণে এক পা হারিয়ে বর্তমানে কৃত্রিম পায়ে চলাফেরা করা কর্ণ সিং এখন নিজের সামাজিক সুরক্ষা নিয়ে শঙ্কিত। ভবিষ্যতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ভুগছেন তিনি। প্রশাসনের প্রাথমিক তদন্তে পোর্টালের কারিগরি ত্রুটি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অসতর্কতাকে এই গাফিলতির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শ্রম দপ্তরের শীর্ষ কর্মকর্তা মনীশ চৌরাসিয়া জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রযুক্তিগত ত্রুটি ও যাচাইকরণ প্রক্রিয়ার অসঙ্গতিগুলো সংশোধন করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।