টলিউডে ফেডারেশন জমানার অবসান, দুর্নীতির খোঁজে এবার কি এসআইআর?

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক পালাবদলের আবহেই দীর্ঘদিনের প্রচলিত কাঠামো ভেঙে টলিউডে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। টেকনিশিয়ান স্টুডিও চত্বরে অনুষ্ঠিত এক বৈঠকের পর নবনির্বাচিত বিধায়ক ও অভিনেত্রী পাপিয়া অধিকারী জানান, এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে চলে আসা ‘ব্যান কালচার’ বা নিষিদ্ধকরণের সংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন সংগঠন ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন’ (EIMPCC) আত্মপ্রকাশ করতে চলেছে। নতুন এই সংগঠনের মাধ্যমে টলিউডকে রাজনীতির প্রভাবমুক্ত করার পাশাপাশি শিল্পীদের কাজের অবাধ সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

পুরনো ফেডারেশনের ২৬টি গিল্ডের পরিবর্তে নতুন এই কনফেডারেশন চারটি মূল বিভাগ—সিনেমাটোগ্রাফি, পরিচালক, প্রোডাকশন কন্ট্রোলার এবং আর্ট অ্যান্ড কস্টিউমের মাধ্যমে কাজ পরিচালনা করবে। একইসঙ্গে দীর্ঘদিনের দুর্নীতি রোধ ও বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধ করতে ইন্ডাস্ট্রিতে ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়া চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। বিগত বছরগুলোতে ক্ষমতার অপব্যবহার ও অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে জড়িতদের একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে, যাদের বিরুদ্ধে পরিস্থিতি অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *