আবাসের টাকা পেতেই তৃণমূল নেতার হানা, বাসন্তীতে বৃদ্ধের টাকা হাতানোর অভিযোগ!
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ সাইফুদ্দিন সর্দারের আবাসের টাকা থেকে ৪০ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা শাহাজান সর্দারের বিরুদ্ধে। সরকারি নিয়ম মেনে পাকা বাড়ির জন্য প্রাপ্ত ১ লক্ষ ২০ হাজার টাকার অনুদান ব্যাংকে জমা হওয়ার পরপরই ওই নেতা ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে এই অর্থ আদায় করেন বলে অভিযোগ। দীর্ঘ আতঙ্কে কাটানোর পর রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে সাহস সঞ্চয় করে বৃদ্ধ অবশেষে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত শাহাজান সর্দার স্থানীয় পঞ্চায়েত সদস্য রেজিনা সর্দারের স্বামী। একই এলাকায় হাফিজুল সর্দার নামে আরেক ব্যক্তির কাছ থেকেও শাহাজান সর্দার ৩০ হাজার টাকা কাটমানি নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সাইফুদ্দিন সর্দার দৃষ্টিহীন এবং শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি ভয়ে এতদিন প্রতিবাদ করতে পারেননি। বর্তমানে শিমুলতলা পুলিশ ক্যাম্প হয়ে থানায় অভিযোগ দায়েরের পর স্থানীয় প্রশাসনের ভূমিকা ও অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দিকে নজর সবার। গ্রামীণ স্তরে জনপ্রতিনিধিদের অনিয়ন্ত্রিত ক্ষমতা এবং প্রশাসনিক নজরদারির অভাবেই এই ধরনের কাটমানি সংস্কৃতি গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।