মাটির বাড়ি রাতারাতি রাজপ্রাসাদ, পাঁশকুড়ার প্রাক্তন পৌরপ্রধানের সম্পত্তি নিয়ে তোলপাড়!
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান নন্দ মিশ্রের বিপুল সম্পত্তি ও বিলাসবহুল বাড়ি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ২০১৭ সালে পৌরপ্রধান নির্বাচিত হওয়ার সময় তাঁর একটি সাধারণ মাটির বাড়ি থাকলেও, বর্তমানে সেখানে ‘প্রেরণা’ নামে একটি সুসজ্জিত ও বিলাসবহুল বাংলো গড়ে উঠেছে। এই আকাশছোঁয়া আর্থিক উত্থানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বাম ও বিজেপি নেতৃত্বের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, আবাস যোজনার কাটমানি, তোলাবাজি এবং সরকারি জমি বিক্রির মাধ্যমে এই সম্পত্তি অর্জন করা হয়েছে। বিজেপির দাবি, রাজনৈতিক প্রভাবেই প্রাক্তন পৌরপ্রধানের পুত্র সমবায় ব্যাঙ্কের ম্যানেজারের পদ পেয়েছেন। তবে নন্দ মিশ্র সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি জীবন বিমা নিগমের এজেন্ট এবং তাঁর পুত্র ব্যাঙ্ককর্মী। তাঁদের আইনসম্মত উপার্জিত অর্থেই এই বাড়ি তৈরি হয়েছে বলে দাবি করে তিনি দুর্নীতির যেকোনো প্রমাণ থাকলে যেকোনো শাস্তি মাথা পেতে নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন।