এমবাপের হাত ধরে কি আবারও নতুন ইতিহাস গড়বে ফ্রান্স!

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে শিরোপা জয়ের অন্যতম দাবিদার ফ্রান্স। বিশ্বচ্যাম্পিয়ন দলটি নরওয়ে, সেনেগাল ও ইরাকের সাথে ‘আই’ গ্রুপে লড়াই করবে। কোচ দিদিয়ের দেশঁর প্রশিক্ষণে এবং কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে ও মাইকেল অলিসের মতো তারকাদের নিয়ে গড়া ভারসাম্যপূর্ণ ফরাসি দলটি এবার ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামার পরিকল্পনা করছে। দলের মাঝমাঠে অরেলিয়ান চুয়ামেনি এবং রক্ষণভাগে উইলিয়াম সালিবার উপস্থিতি তাদের মূল শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে শক্তিশালী দল হওয়া সত্ত্বেও ফ্রান্স বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। দলের অভ্যন্তরীণ সংহতি নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে এমবাপের ব্যক্তিগত অহং এবং দেম্বেলের নতুন ভূমিকায় মানিয়ে নেয়ার প্রচেষ্টার কারণে। এছাড়া রক্ষণভাগে কুন্দের ফর্মহীনতা, হার্নান্দেজের চোট এবং উপামেকানোর ধারাবাহিকতার অভাব দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ। টুর্নামেন্টের নকআউট পর্বে জার্মানি, নেদারল্যান্ডস ও স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বাধা পার হতে হলে দেশঁর শিষ্যদের মাঠের রসায়ন এবং দলের ভেতরের দ্বন্দ্ব কাটিয়ে ওঠার ওপরই নির্ভর করছে ফ্রান্সের তৃতীয় শিরোপা জয়ের সম্ভাবনা।