বিধানসভার পর এবার সংসদেও ভাঙন! বড় ধাক্কার মুখে তৃণমূল?
রাজ্য বিধানসভার পর এবার দিল্লির সংসদীয় রাজনীতিতেও বড় ধরনের সংকটের মুখে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভার পরিষদীয় দলের মতো এবার তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সংসদীয় দলেও বড়সড় ফাটল ধরার সম্ভাবনা দেখা দিয়েছে। রাজনৈতিক মহলের খবর অনুযায়ী, সংসদের আসন্ন বাদল অধিবেশনের আগেই প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করে তৃণমূলের একটি অংশ দল ছাড়ার প্রস্তুতি সম্পন্ন করেছে।
আইনি জটিলতা ও দলত্যাগ বিরোধী আইনের হাত থেকে বাঁচতে বিদ্রোহী গোষ্ঠীটি ১৮ থেকে ১৯ জন সাংসদকে নিয়ে আলাদা হওয়ার রণকৌশল চূড়ান্ত করেছে। ইতিমধ্যে ১২ জন সাংসদের দল ছাড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পাশাপাশি আরও ৬ জন সাংসদ এই প্রক্রিয়ায় যোগ দিয়েছেন। এছাড়া দলের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ ৩ থেকে ৪ জন হেভিওয়েট নেতাও এই তালিকায় রয়েছেন। এই ভাঙন সফল হলে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব ও প্রভাব মারাত্মকভাবে হ্রাস পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।