মেসি কাণ্ডে সমন এড়াতে মরিয়া অরূপ বিশ্বাস, গ্রেপ্তারের আশঙ্কায় বাড়ল চিন্তা!

মেসি ইভেন্টের টিকিট কেলেঙ্কারি মামলায় বিধাননগর দক্ষিণ থানার তলব এড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসুস্থতার কারণ দর্শিয়ে হাজিরা দেওয়ার জন্য তিনি আরও দুই সপ্তাহের সময় চেয়েছেন। বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় বর্তমানে প্রাক্তন এই মন্ত্রীর কোনো আইনি রক্ষাকবচ নেই, যার ফলে তাকে গ্রেপ্তারের সম্ভাবনা তৈরি হয়েছে।
গত ১৭ মে মেসির ‘গোট ট্যুর’-এর মূল আয়োজক শতদ্রু দত্তের দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। অভিযোগ, অরূপ বিশ্বাস নিজের প্রভাব খাটিয়ে এই ইভেন্টের প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করেছেন। এছাড়া ভারতীয় ন্যায় সংহতির বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে ৪ জুন তাঁকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। আগাম জামিন নাকচ হওয়ার পর এখন এই মামলার পরবর্তী আইনি পদক্ষেপের দিকে নজর রয়েছে সবার।