গণরোষে দিশেহারা তৃণমূল নেতা, প্রাণ বাঁচাতে খাটের নিচেই আশ্রয়!
সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগে মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা শহিদুল মিঞাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পঞ্চায়েত সদস্য বিউটি বিবির স্বামী শহিদুল আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি হাতিয়ে নিয়েছেন। বুধবার স্থানীয় বাসিন্দারা ওই নেতার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে চড়াও হলে প্রাণ বাঁচাতে তিনি নিজের বাড়ির খাটের নিচে আত্মগোপন করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং খাটের নিচ থেকে উদ্ধার করে ওই নেতাকে থানায় নিয়ে যায়। আপাতত পুলিশ তাকে আটক করেছে। স্থানীয়দের অভিযোগ, এক সময়ের সিভিক ভলান্টিয়ার শহিদুল রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় দুর্নীতির কারবার চালিয়ে আসছিলেন এবং প্রতিবাদী কণ্ঠস্বরকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দিতেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকাবাসীর দীর্ঘদিনের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল এই ঘটনার মাধ্যমে।