শিয়ালদায় মেগা ব্লকের কোপ, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন!
শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে ৩ নম্বর ব্রিজে জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন গার্ডার লাগানোর কাজের জন্য আগামী শনি ও রবিবার শিয়ালদা ডিভিশনে মেগা ট্রাফিক ও পাওয়ার ব্লক ঘোষণা করেছে পূর্ব রেল। এর ফলে এই দুই দিনে মোট ৭১টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদা মেইন ও উত্তর শাখায় ৬ জুন শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে ৭ জুন রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত টানা ১৫ ঘণ্টার এই ব্লক চলবে। এছাড়া শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত বালিগঞ্জ স্টেশনের ডাউন লাইনেও রক্ষণাবেক্ষণের কাজ হবে।
শনিবার ২০টি এবং রবিবার ৫১টি লোকাল ট্রেন বাতিল হওয়ার পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হয়েছে। শনিবার গেদে-শিয়ালদহ লোকাল ব্যারাকপুর পর্যন্ত, বনগাঁ-শিয়ালদা লোকাল দমদম কন্টনমেন্ট পর্যন্ত, শান্তিপুর-শিয়ালদা লোকাল কল্যাণী পর্যন্ত এবং কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল রানাঘাট পর্যন্ত চলাচল করবে। রবিবারও একইভাবে কল্যাণী সীমান্ত, শান্তিপুর ও বনগাঁ লাইনের একাধিক ট্রেনের যাত্রাপথ নৈহাটি ও দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সংক্ষিপ্ত করা হয়েছে। এই সাময়িক অসুবিধার জন্য রেল কর্তৃপক্ষ আগাম দুঃখপ্রকাশ করেছে।