ট্রাম্পের ক্ষমতা খর্বে বড় ধাক্কা পেল হোয়াইট হাউজ!

ইরানের বিরুদ্ধে এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা খর্ব করতে দেশটির আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি সভায় একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ২১৫-২০৮ ভোটে পাশ হয়েছে। ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির চারজন সদস্য সমর্থন দিয়েছেন। একই সঙ্গে এই বিলের মাধ্যমে ইরান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশও প্রদান করা হয়েছে। প্রতিনিধি সভায় এই বিল পাশ হওয়ার ঘটনাকে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে বিবেচনা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা এবং কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে যুদ্ধ শুরুর আশঙ্কা থেকে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ডেমোক্র্যাটদের দাবি, মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার চূড়ান্ত ক্ষমতা কেবল কংগ্রেসেরই। এদিকে রিপাবলিকান দলীয় সদস্যদের ভিন্নমত প্রকাশের ঘটনা ট্রাম্পের সামরিক নীতির বিষয়ে তাঁর দলের ভেতরের অস্বস্তিকে সামনে নিয়ে এসেছে। তবে বিলটি পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হলে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদন প্রয়োজন, যেখানে বর্তমানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে বিলটি সিনেটে পাস হওয়া ডেমোক্র্যাটদের জন্য বড় চ্যালেঞ্জ, যদিও এটি প্রেসিডেন্টের যুদ্ধংদেহী নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা হিসেবে কাজ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *