তৃণমূল নেতার গাড়িতে সরকারি ত্রাণ! ঝাড়গ্রামে তীব্র চাঞ্চল্য

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে রগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূলের অঞ্চল সভাপতি পঞ্চানন দাসের গাড়ি ও বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার গভীর রাতে কাঠুয়াপাল এলাকায় উপপ্রধানের গাড়িতে তল্লাশি চালিয়ে সরকারি লোগোযুক্ত কম্বল, শাড়ি, চাদর ও স্কুলড্রেস উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময়ে বৃহস্পতিবার সকালে নেতার বাড়ির পাশের একটি গোয়ালঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন সরকারি দপ্তরের ফাইল, ১৫টি ব্যাংক অ্যাকাউন্টের পাশবই এবং ২০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

বুধবার রাতে গাড়িটিকে সন্দেহজনক অবস্থায় এলাকায় ঘুরতে দেখে স্থানীয়রা ধাওয়া করে বৈঞ্চা গ্রামে আটক করেন। খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি ও উদ্ধার হওয়া সামগ্রী নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনার জেরে এলাকায় স্থানীয় বাসিন্দারা ও বিরোধী কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *