নিজভূমেই চরম ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প!
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভ’-এ একটি যুদ্ধবিরোধী প্রস্তাব পাস হয়েছে। ২১৫-২০৮ ভোটের ব্যবধানে পাস হওয়া এই প্রস্তাবটিকে হোয়াইট হাউসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব রিপাবলিকান পার্টির দুই সদস্যের প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়াকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ইরানের সাথে দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে মার্কিন অর্থনীতির ওপর তৈরি হওয়া চাপের কারণে দেশটিতে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। যুদ্ধের ব্যয়ভার সাধারণ নাগরিকদের ওপর প্রভাব ফেলায় রিপাবলিকান পার্টির একটি অংশ এখন যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছে। যদিও প্রস্তাবটি কার্যকর করতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ ‘সেনেট’-এ পাস হওয়া প্রয়োজন, তবে এই ভোটাভুটি ট্রাম্পের একক সিদ্ধান্তের ওপর বড় ধরনের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে। ডেমোক্র্যাটদের দাবি অনুযায়ী, এই বার্তা ওয়াশিংটনের ওপর ইরান ইস্যুতে বড় ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনি চ্যালেঞ্জ তৈরি করতে পারে।