প্রাইভেট টিউশনে কড়া নিষেধাজ্ঞা, সরকারি শিক্ষকদের চরম হুঁশিয়ারি দিল বিকাশ ভবন!

সরকারি বা সরকার অনুমোদিত স্কুলের যেসব শিক্ষক নিয়ম ভেঙে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। রাইট টু এডুকেশন (আরটিই) আইন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে শিক্ষকদের এই বেআইনি গৃহশিক্ষকতা রুখতে বিকাশ ভবন রাজ্যের সমস্ত জেলা স্কুল পরিদর্শকদের (ডিআই) কড়া নির্দেশিকা পাঠিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের এক অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, যেখানে শিক্ষকদের বিরুদ্ধে নিজের স্কুলের ছাত্রছাত্রীদের টিউশন পড়তে বাধ্য করা এবং না পড়লে নম্বর কমিয়ে দেওয়ার ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

২০০৯ সালের কেন্দ্রীয় আরটিই আইনের ২৮ নম্বর ধারা অনুযায়ী, সরকারি স্কুলের কোনো শিক্ষক ব্যক্তিগতভাবে কোনো টিউশন বা শিক্ষকতা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। এছাড়া ২০১১ ও ২০১৮ সালের সরকারি বিজ্ঞপ্তিতেও এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। শিক্ষা দফতর স্পষ্ট জানিয়েছে, জেলা স্তরে এ ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হলে দোষী শিক্ষকদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নিতে হবে। স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে ‘রেমেডিয়াল কোচিং’ বা অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে পারবে, তবে ব্যক্তিগত লাভের জন্য বাণিজিক টিউশন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নির্দেশনার অনুলিপি জাতীয় মানবাধিকার কমিশন ও উচ্চশিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিবকেও পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *