অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, ১৯ জুন জরুরি অধিবেশন ডাকল তৃণমূল!

বিধানসভা নির্বাচনে হারের পর অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত তৃণমূল কংগ্রেসের সংকট এবার কলকাতা পুরসভাতেও তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে পুরসভার প্রশাসনিক কাজকর্ম ও অস্তিত্ব টিকিয়ে রাখতে কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী ১৯ জুন জরুরি মাসিক অধিবেশন ডেকেছেন চেয়ারপারসন মালা রায়। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

পুরসভার এই সংকটের সূত্রপাত গত ২২ মে, যখন চেয়ারপারসনের ডাকা অধিবেশনে অংশ নিতে গিয়ে তৃণমূল কাউন্সিলররা পুরসভার অধিবেশন কক্ষ তালাবন্ধ পান। বিষয়টি নিয়ে নজিরবিহীন সংঘাত তৈরি হলে তা আদালত পর্যন্ত গড়ায়। এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পুর আইন মেনে অধিবেশন ডাকার নির্দেশ দেয়। পাশাপাশি, গত ২২ মে অনুষ্ঠিত সভার রেজোলিউশন ৯ জুনের মধ্যে হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৭ জুন মামলার পরবর্তী শুনানির ঠিক দুই দিন পর হতে যাওয়া এই অধিবেশন পুরসভার প্রশাসনিক স্থায়িত্ব ও নাগরিক পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *