শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শতায়ু স্বাধীনতা সংগ্রামী নারায়ণ বসু, শোকে স্তব্ধ বাংলা!
৯৯ বছর বয়সে প্রয়াত হলেন ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু। বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিটে সল্টলেকের বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামী অক্টোবরে তাঁর ১০০ বছরে পদার্পণ করার কথা ছিল। তাঁর প্রয়াণে সংবাদ প্রতিদিন পরিবার ও বাংলার সুধী মহলে শোকের ছায়া নেমে এসেছে। রাতেই নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আজীবন গান্ধীবাদী আদর্শে বিশ্বাসী নারায়ণ বসু যৌবনে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। নদিয়ার চাকদহ পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাপুজি বিদ্যামন্দির প্রতিষ্ঠা এবং ব্যারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়া তিনি ‘ভারত কথা’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক হিসেবেও কাজ করেছেন। ১৯৯২ সালের ৯ আগস্ট ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকার জন্মলগ্ন থেকে তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যনির্বাহী কর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।