সাহারা মরুভূমির জ্বলন্ত বালি, ট্রাকেই শেষ হলো ৪৯টি প্রাণ!
সাহারা মরুভূমির দুর্গম ‘ডেথ জ়োন’-এ যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়া ট্রাকে পানিশূন্যতায় ৪৯ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। মালির তেলহ্যান্ডেক থেকে ফেরার পথে আলজিরিয়া ও নিগারের সীমান্তবর্তী এই জনহীন এলাকায় তীব্র গরমে ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এই মর্মান্তিক মৃত্যু ঘটে। আগাডেজ় প্রশাসনের তথ্য অনুযায়ী, ৫০-৬০ জনের ওই দলটি একটি অনুষ্ঠান শেষে ফিরছিলেন, কিন্তু মরুভূমির তীব্র প্রতিকূল পরিবেশে দীর্ঘ সময় কোনো সাহায্য না মেলায় তারা এই পরিণতির শিকার হন।
উদ্ধারকারী দল আসামাকা এলাকার কাছে পৌঁছানোর আগেই যাত্রীদের মধ্যে ৪৯ জন প্রাণ হারান, যাদের মধ্যে কেউ কেউ ট্রাকে আবার কেউ আশেপাশের বালুকাময় প্রান্তরে ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন। দলের দুজন সদস্য ৫০ কিলোমিটার পথ হেঁটে প্রশাসনের কাছে খবর পৌঁছাতে সক্ষম হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘ দেড় থেকে তিন দিন তীব্র উত্তাপে লড়াই করার এক পর্যায়ে পানীয় জল ফুরিয়ে যাওয়া এবং মোবাইল চার্জ না থাকায় বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়াতেই এই বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটে।