বন্ধ ফ্ল্যাটে অধ্যাপিকার রক্তাক্ত দেহ, রাজধানীতে ঘনীভূত রহস্য!
দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজী কলেজের সহকারী অধ্যাপক ৪৯ বছর বয়সী দেবস্মিতা পালের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভের সত্যম অ্যাপার্টমেন্টের একটি বন্ধ ফ্ল্যাট থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেবস্মিতার বোন দেবারতি বারবার যোগাযোগ করতে ব্যর্থ হয়ে ফ্ল্যাটে পৌঁছে বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় সেটি দেখতে পান এবং দরজা ভেঙে ভেতরে দিদির নিথর দেহটি খুঁজে পান।
তদন্তকারী পুলিশ ও ফরেনসিক দলের প্রাথমিক ধারণা, পরিচিত কোনো ব্যক্তিই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ফ্ল্যাটটির দরজা বা জানালায় জোর করে প্রবেশের কোনো চিহ্ন নেই এবং বাইরে থেকে তালা দেওয়া থাকায় পুলিশের অনুমান, হামলাকারী অত্যন্ত পরিচিত হওয়ায় দেবস্মিতা নিজেই দরজা খুলে দিয়েছিলেন। মরদেহের মাথায় গুরুতর আঘাত, দুই কবজিতে কাটা চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ দেখে ধারণা করা হচ্ছে, মৃত্যুর আগে হামলাকারীর সঙ্গে ধ্বস্তাধস্তি করেছিলেন ওই অধ্যাপিকা। বর্তমানে ক্রাইম ব্রাঞ্চ ও ফরেনসিক বিশেষজ্ঞরা সিসিটিভি ফুটেজসহ সংরক্ষিত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ঘটনার তদন্ত চালাচ্ছেন।