দুর্ঘটনায় পঙ্গু হরিপদ, জীবন বাঁচাতে সরকারের সাহায্য চান তিনি!
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা হরিপদ সামন্ত দীর্ঘ ছয় বছর ধরে পঙ্গুত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। ২০২০ সালের ১৪ জুন চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে সরকারি অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় আক্রান্ত হয়ে তাঁর শিরদাঁড়া ও হাঁটু ভেঙে যায়। বর্তমানে ওয়াকারের সাহায্যে কোনোমতে চলাফেরা করলেও পুরোপুরি সুস্থ হতে প্রয়োজন উন্নত চিকিৎসা। নিজের পায়ে ফেরার আকুতি জানিয়ে রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন শারীরিক প্রতিবন্ধকতার শিকার এই যুবক।
দিল্লিতে সোনার কাজ করা হরিপদ করোনা অতিমারীর সময় বাড়ি ফিরে কোভিড আক্রান্ত হন। এরপর হাসপাতালে যাওয়ার পথে ভয়াবহ ওই দুর্ঘটনায় সুস্থতা আর ফেরেনি তাঁর। বর্তমানে ভাগচাষি বাবা ও সবজি বিক্রেতা মায়ের সামান্য আয়ে সংসার ও তাঁর ব্যয়বহুল চিকিৎসা চালানো অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসকেরা একটি বিশেষ হুইলচেয়ারের পরামর্শ দিয়েছেন, যার মূল্য প্রায় ১ লক্ষ ১৯ হাজার টাকা। অর্থসংকটে থমকে থাকা চিকিৎসার খরচ জোগাতে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আরজি জানিয়েছেন হরিপদ। স্থানীয় বিধায়ক সুব্রত মাইতি জানিয়েছেন, বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখছেন এবং হরিপদর চিকিৎসার জন্য সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন।