আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে মাইকেল ক্লার্ক!

আহমেদাবাদে আইপিএল ফাইনালের ধারাভাষ্য পর্ব শেষ করে বিমানবন্দর যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। একটি মালবাহী লরির সঙ্গে তাঁর বহনকারী গাড়ির সংঘর্ষে ক্লার্ক ও তাঁর চালক আহত হন। তবে প্রাথমিক চিকিৎসা ও সহায়তার পর বর্তমানে তাঁরা নিরাপদ ও সুস্থ আছেন বলে জানা গেছে। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে ক্লার্ক নিজেই দুর্ঘটনার এই তথ্য প্রকাশ করেন।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ক্লার্ক জানান, গভীর রাতে বিমানবন্দরের দিকে যাওয়ার সময় তিনি গাড়ির পেছনের সিটে ঘুমিয়ে ছিলেন। সামনের মালবাহী লরিটির টেল-লাইট বা ইন্ডিকেটর সচল না থাকায় অন্ধকার সড়কে তাঁর গাড়ির চালক লরিটিকে দেখতে পাননি, যার ফলে গাড়িটি সরাসরি লরির ভেতরে ঢুকে যায়। স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়। ক্লার্কের শরীরে সামান্য কাঁটাছেঁড়া ছাড়া বড় কোনো আঘাত লাগেনি এবং স্থানীয়দের সহায়তায় তিনি অন্য একটি গাড়িতে নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছাতে সক্ষম হন। আহতের চিকিৎসাও নিশ্চিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *