দিল্লিতে শাহ-শুভেন্দু তুখড় বৈঠক, অবৈধ অনুপ্রবেশ রুখতে কি বড় অ্যাকশন?
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে রাজ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশের মতো সংবেদনশীল বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা হয়েছে।
সীমান্ত সুরক্ষায় বিশেষ জোর দিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই বিএসএফ-এর কাছে জমি হস্তান্তরের প্রক্রিয়া অনেকটা সম্পন্ন করেছে এবং কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু হয়েছে। এছাড়া, রাজ্যে অবৈধ অনুপ্রবেশ রুখতে বর্তমান সরকার ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ নীতি কঠোরভাবে কার্যকর করার পাশাপাশি বেআইনিভাবে বসবাসকারীদের পুশ ব্যাক করার প্রক্রিয়াও শুরু করেছে। পূর্বতন সরকারের আমলে জমি জটের কারণে সীমান্ত সুরক্ষার কাজ বাধাগ্রস্ত হলেও, বর্তমান সরকার সেই জট কাটিয়ে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় তৎপরতা বৃদ্ধি করেছে।