আমেরিকা থেকে ফিরছেন হাজারো ভারতীয়, বাংলাদেশিদের নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের!
ভারত থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। একইসঙ্গে ভারত সরকার জানিয়েছে, গত এক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে বৈধ কাগজপত্র না থাকার কারণে হাজার হাজার ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, কেবল আমেরিকা থেকেই তিন দফায় ১০৭৬ জন এবং ২০২৫ সালে বিভিন্ন দেশ থেকে মোট ৩৭৭৬ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
অন্যদিকে, ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোকে কেন্দ্র করে গত কুড়ি দিন ধরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। লালমনিরহাট, পঞ্চগড় ও নওগাঁ সীমান্তে বিজিবির বাধার মুখে প্রায় ৬০ জন ব্যক্তি বর্তমানে নো-ম্যানস ল্যান্ডে আটকা পড়েছেন। বিদেশ মন্ত্রকের তথ্যমতে, তিন হাজারের বেশি অনুপ্রবেশকারীর নথিপত্র ঢাকার কাছে পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে উদ্ভূত সমস্যা সমাধানে চলতি সপ্তাহে বিএসএফ ও বিজিবি-র ডিজি পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।