লক্ষ লক্ষ শিক্ষার্থীর তথ্যঝুঁকিতে, CBSE-র পোর্টালে ভয়াবহ সাইবার হামলা!

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর রেজাল্ট-পরবর্তী পরিষেবার পোর্টালে লাগাতার সাইবার হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই পরিকল্পিত হামলার অভিযোগে বোর্ড দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস (IFSO) ইউনিটে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। বোর্ডের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ তথ্যপ্রযুক্তি আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

গত ২ জুন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও ভেরিফিকেশনের জন্য পোর্টালটি উন্মুক্ত করার পর থেকেই গত তিন দিন ধরে দেশ-বিদেশের বিভিন্ন আইপি অ্যাড্রেস থেকে ক্ষতিকর ট্র্যাফিক পাঠিয়ে সেটিকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়। বোর্ডের ধারণা, বৈধ ব্যবহারকারীদের পরিষেবা থেকে বঞ্চিত করা এবং অবৈধভাবে তথ্য হাতিয়ে নেওয়াই ছিল এই হামলার লক্ষ্য। তবে প্রাথমিক তদন্তে বোর্ড জানিয়েছে, তাদের ডেটাবেস ও সিস্টেম সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং কোনো তথ্য ফাঁসের ঘটনা ঘটেনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সিবিএসই আইআইটি কানপুর, আইআইটি মাদ্রাজ, ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) এবং সার্ট-ইন (CERT-In)-এর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় ২৪ ঘণ্টা নজরদারি চালিয়ে সাইবার হামলাগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের চিহ্নিত করতে তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ চালিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *