অবশেষে সাফল্য, যন্তর মন্তরে আন্দোলন তুলে বাড়ি ফিরছেন সিজেপি!
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর সমস্ত দাবি মেনে নেওয়ার আশ্বাসে দিল্লির যন্তর মন্তরে চলমান ধর্না কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর সংগঠনটির পক্ষ থেকে আন্দোলনকারীদের অবিলম্বে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চলমান আন্দোলনের প্রেক্ষাপটে এর আগে শনিবার দুপুরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছিলেন।
সিজেপির দাবি অনুযায়ী, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত পুলিশি মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনো আইনি পদক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। এছাড়া নিট (NEET) পরীক্ষা বাতিল হওয়ার জেরে আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও সরকার মেনে নিয়েছে। যন্তর মন্তর থেকে ধর্না তুলে নিলেও আগামী চার সপ্তাহ পর কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে পুনরায় পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে সিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা আশ্বাস দিয়েছেন যে, পড়ুয়াদের বিরুদ্ধে কোনো প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া হবে না।