পাঙ্গা নেবেন না! পদত্যাগের পরেই সিজেপির চরম হুঁশিয়ারি
নিট-ইউজি (NEET-UG) প্রশ্নফাঁস কাণ্ডে ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মাত্র ৭০ দিন আগে গঠিত রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতৃত্বে টানা ৩৬ দিনের আন্দোলনের মুখে এ ঘটনা ঘটল। এই সাফল্যের পর দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে ধন্যবাদ জানিয়ে বলেন, ১৫ মার্চ শুনানির সময় প্রধান বিচারপতি আন্দোলনকারীদের ‘আরশোলা ও পরজীবী’ বলে অভিহিত করেছিলেন, যা তাদের এই লড়াইয়ে অনুপ্রাণিত করেছে।
দিল্লির যন্তর-মন্তরে উৎসবের আবহে অভিজিৎ দীপক বলেন, “আমরা আরশোলা, একবার কোথাও ঢুকলে সহজে জায়গা ছাড়ি না।” তবে শিক্ষামন্ত্রীর ইস্তফা পরবর্তী সময়েও আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। সিজেপির অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রশ্নফাঁসের ঘটনায় অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান এবং ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করা।