রেকর্ড ভাঙার পথে মোদি, নতুন ইতিহাস গড়তে চলেছেন প্রধানমন্ত্রী!
আগামী ১০ জুন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা ক্ষমতায় থাকার নতুন রেকর্ড গড়তে চলেছেন নরেন্দ্র মোদি। এই মাইলফলক স্পর্শের মাধ্যমে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দীর্ঘদিনের রেকর্ড অতিক্রম করবেন। ১৯৫২ সালের ১৩ মে থেকে ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত জওহরলাল নেহরু টানা ৪,৩৯৮ দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালের ২৬ মে দায়িত্ব গ্রহণের পর নরেন্দ্র মোদির কার্যকালের ১০ জুন ৪,৩৯৯তম দিন পূর্ণ হবে, যা তাঁকে ভারতের ইতিহাসে একটানা দীর্ঘতম সময় প্রধানমন্ত্রী পদে আসীন থাকার গৌরব এনে দেবে।
এর আগে গত বছর জুলাই মাসে প্রধানমন্ত্রী মোদি ইন্দিরা গান্ধীর ৪,০৭৭ দিন টানা ক্ষমতায় থাকার রেকর্ড অতিক্রম করেছিলেন। টানা তিনটি লোকসভা নির্বাচনে জয়ের ধারা বজায় রেখে তিনি এই বিরল নজির স্থাপন করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাসনব্যবস্থাকে জনআন্দোলনের রূপ দেওয়ার পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযান, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, জল সংরক্ষণ ও দেশব্যাপী টিকাকরণ কর্মসূচির মতো প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে তিনি এক শক্তিশালী রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছেন।